
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার্স’ নামের জাহাজটিতে আগুন লাগে।
আগুন লাগার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে তাদের বিশেষায়িত অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোট উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। এর কিছুক্ষণের মধ্যে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, তেলবাহী জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জাহাজে থাকা কর্মীদের উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।