প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
সীমান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ অনুপ্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ‘বর্ডার কিলিং’ হিসেবে অভিহিত করা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত বা জিরো লাইনে অন্য দেশের বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডকে সীমান্ত হত্যা বলা যেতে পারে। তবে কোনো ব্যক্তি যদি অন্য দেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে সেই পরিস্থিতি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিবেচিত হবে।
আসন্ন বিএসএফ ও বিজিবির মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি দুই দেশের মধ্যে নিয়মিত আয়োজন। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, উভয় পক্ষের উদ্বেগ ও বিদ্যমান সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ঘটনার প্রকৃতি ও অবস্থান বিবেচনা করেই মূল্যায়ন করা প্রয়োজন। সব ঘটনাকে একইভাবে ‘বর্ডার কিলিং’ হিসেবে উল্লেখ করা সঠিক নয়।
পশ্চিমবঙ্গে কথিত ‘বাংলাদেশি’ পরিচয়ে মানুষ জড়ো করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি নজরে রয়েছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। বাংলাদেশ কোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাক সমর্থন করে না।
তিনি আরও বলেন, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্ত হন এবং সে বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন হয়, তাহলে দুই দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ ধরনের কোনো বিষয় সরকারের কাছে অমীমাংসিত অবস্থায় নেই বলেও জানান তিনি।
কপিরাইট © 2026 GNN NEWS