ঢাকা

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র, মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬ ইং
ছবির ক্যাপশন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন দীপেন দেওয়ান। এরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। 

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ওই নির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৭০ হাজার ৩২২টি। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 
কমেন্ট বক্স