ঢাকা

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান ডিসি নূরুল করিম ভূঁইয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬ ইং
ভাওয়াল সম্মেলন কক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। ছবির ক্যাপশন: ভাওয়াল সম্মেলন কক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।


সোমবার (১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজহার সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়।


মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।


তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) তানিয়া তাবাসসুম।

কমেন্ট বক্স