ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সবাইকে প্রতি শনিবার নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
“মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা?”— ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।
শনিবার (৬ জুন) জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন অফিস এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু কোনো সাধারণ জ্বর নয়; এটি একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। ‘এডিস ইজিপ্টাই’ নামের স্ত্রী মশার কামড়ের মাধ্যমে এই রোগ ছড়ায়। এ মশা সাধারণত স্বচ্ছ ও স্থির পানিতে ডিম পাড়ে এবং খুব অল্প পরিমাণ পানিতেও বংশবৃদ্ধি করতে সক্ষম।
বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে প্লাটিলেট দ্রুত কমিয়ে দেয়। রোগ জটিল আকার ধারণ করলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শক সিনড্রোম এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই জ্বর হলে দ্রুত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তারা ডেঙ্গু প্রতিরোধে তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন- মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সুরক্ষা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “শনিবারের দিনটি সবাই নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতার কাজে ব্যয় করুন। আপনার বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা আপনারই দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ডেঙ্গু মশা আপনার এবং আপনার স্বজনদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে কঠোর নজর রাখতে হবে।”
কর্মসূচিতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন।
জিএনএন ডেস্ক