গাজীপুরে জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে মুগ্ধ হয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল চিন্তার ভূয়সী প্রশংসা করে এসব উদ্ভাবন জাতীয় পর্যায়ে কাজে লাগানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-2 আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলো মানবকল্যাণের লক্ষ্য নিয়ে তৈরি এবং এগুলো জাতীয় পর্যায়ে কাজে লাগানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করে কাপাসিয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কালীগঞ্জের খৈকড়া উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয় কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করে শ্রীপুরের স্বপ্নছোঁয়া উচ্চ বিদ্যালয়।
জিএনএন ডেস্ক