ঢাকা

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ জিএমপি কমিশনারের

  • নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬ ইং
সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার ছবির ক্যাপশন: সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার

গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি মাদক, চাঁদাবাজি, হানি ট্র্যাপ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেন।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রবিবার (১৪ জুন) অনুষ্ঠিত হয়েছে।


সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।


সভায় তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন ও মতামত মনোযোগ সহকারে শোনেন। পরবর্তীতে এসব আবেদন নিষ্পত্তি ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


কল্যাণ সভায় বক্তব্যকালে পুলিশ কমিশনার জিএমপিতে কর্মরত সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে ফোর্সের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।


পরে দুপুর ২টা ৩০ মিনিটে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।


তিনি মাদক, ছিনতাই, চাঁদাবাজি, হানি ট্র্যাপ এবং কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধ প্রতিরোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া অনুদঘাটিত মামলা দ্রুত উদঘাটন, ওয়ারেন্ট তামিল জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সভায় পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।


এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স